দেড় মাস পর চাঁদপুরে নিখোঁজ শিশু সাফায়েতকে উদ্ধার
- আপডেট সময় ১০:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / 8
চাঁদপুরের মতলব দক্ষিণ থেকে নিখোঁজ হওয়ার দেড় মাসের বেশি সময় পর ১০ বছর বয়সী সাফায়েত ইসলামকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেলে মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
বুধবার রাতে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শিশুটিকে উদ্ধারের বিষয়টি জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর সকালে মতলব দক্ষিণ থানার ধনার পাড়া এলাকা থেকে নিখোঁজ হয় সাফায়েত। এ ঘটনায় তার বাবা সাবের ইসলাম ৮ সেপ্টেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও সংশ্লিষ্ট সার্কেল কর্মকর্তা জাবির হোসেন তানিমের নির্দেশনায় শিশুটির সন্ধানে কাজ শুরু করে ডিবি পুলিশ।
উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাফায়েত জানায়, সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত। পরিবারের সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়ে ঢাকায় চলে যায়। সেখানে এক ব্যক্তি কাজ দেওয়ার কথা বলে তাকে চট্টগ্রামে নিয়ে যান। কিছুদিন কাজ করার পর সেখান থেকে পালিয়ে ট্রেনে করে ঢাকার কমলাপুরে পৌঁছায় সে। পরে নারায়ণগঞ্জ হয়ে ষাটনলগামী একটি লঞ্চে উঠলে পুলিশ তাকে উদ্ধার করে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, শিশুটিকে উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।






















