সৌদি ছাড়তে মার্কিন দূতাবাসকর্মীদের নির্দেশ
- আপডেট সময় ০৮:৪০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 33
ইয়েমেনের হুতি গোষ্ঠীর সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। বুধবার (২১ অক্টোবর) কূটনৈতিক সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার ও বাহরাইনে অবস্থানরত মার্কিন দূতাবাসের কর্মীদের পরিবারের সদস্যদেরও সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স তিনজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো থেকে কিছু কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ জারির প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইয়েমেনের হুতি গোষ্ঠীর পক্ষ থেকে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে হুতিদের সম্ভাব্য নতুন হামলার বিষয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এর আগে রিয়াদের বিমানবন্দরসহ কয়েকটি স্থানে হামলা চালিয়েছিল গোষ্ঠীটি। বুধবার সৌদি আরবের পূর্বাঞ্চলের শায়বাহ তেলক্ষেত্রেও ড্রোন হামলার ঘটনা ঘটে।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, শায়বাহ তেলক্ষেত্রের একটি স্থাপনা লক্ষ্য করে আসা ড্রোনটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়। তবে এ ঘটনায় দুইজন নিহত হন। হামলার পরও তেলক্ষেত্রটির কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি বলে জানানো হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এ পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য মার্কিন সরকারি কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পিগট আরও বলেন, ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে শত্রুতামূলক তৎপরতা বাড়িয়েছে। তারা বেসামরিক বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এসব হামলায় সাধারণ মানুষ হতাহত হচ্ছেন এবং যাতায়াতব্যবস্থায় গুরুতর বিঘ্ন ঘটছে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় তেহরান মার্কিন স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালালে ওই অঞ্চল থেকে অনেক মার্কিন কূটনীতিককে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন আবার কিছু কূটনৈতিক কর্মীকে সেখানে ফিরিয়ে নেয়।
রয়টার্সকে যুক্তরাষ্ট্রের চার কর্মকর্তা জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে অবস্থিত মার্কিন মিশনগুলো থেকেও পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হবে। তবে সৌদি আরবের বাইরের মিশনগুলোর বিষয়ে কোনো পরিবর্তনের কথা পিগট তাঁর বক্তব্যে উল্লেখ করেননি।
বুধবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের জারি করা নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে, রিয়াদের বিমানবন্দরে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর সৌদি আরবে আরও হামলা চালাতে পারে হুতি গোষ্ঠী।
সূত্র: রয়টার্স, এএফপি






















