ভারতে ফের করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, দিল্লি-কেরালায় বাড়ছে উদ্বেগ
- আপডেট সময় ১১:০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / 338
ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাস সংক্রমণ। কয়েক দিনের ব্যবধানে দেশজুড়ে নতুন করে শনাক্ত হয়েছে এক হাজারেরও বেশি করোনা রোগী। রাজধানী দিল্লিসহ বেশ কয়েকটি রাজ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এমন তথ্য উঠে এসেছে।
সর্বশেষ আপডেট অনুযায়ী, দেশটির কোভিড-১৯ ড্যাশবোর্ডে দেখা গেছে, ভারতে বর্তমানে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার নয় জনে। শুধু দিল্লিতেই নতুন করে আক্রান্ত হয়েছেন ১০০ জনের বেশি।
দিল্লিতে এখন সক্রিয় রোগীর সংখ্যা অন্তত ১০৪ জন। এর মধ্যে গত সপ্তাহেই শনাক্ত হয়েছেন ৯৯ জন। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাস্থ্যখাত সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং হাসপাতালগুলো যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষম।
বিশেষজ্ঞদের মতে, এবারের সংক্রমণে দেখা দিচ্ছে সাধারণ ফ্লু-এর মতো উপসর্গ, যার মধ্যে রয়েছে হালকা জ্বর, গলা ব্যথা ও সর্দি-কাশি। অধিকাংশ আক্রান্ত রোগীর নমুনা বেসরকারি ল্যাব থেকে সংগ্রহ করা হয়েছে।
দ্রুত সংক্রমণ ছড়ানো রাজ্যগুলোর তালিকায় শীর্ষে রয়েছে কেরালা। রাজ্যটিতে এখন পর্যন্ত ৪৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে মহারাষ্ট্র, যেখানে শনাক্ত হয়েছেন ২০৯ জন। এরপর রয়েছে দিল্লি। এছাড়া গুজরাটে ৮৩ জন, কর্ণাটকে ৪৭ জন, উত্তর প্রদেশে ১৫ জন এবং পশ্চিমবঙ্গে ১২ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।
সংক্রমণের পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটেছে। মহারাষ্ট্রে অন্তত চারজন, কেরালায় দুজন এবং কর্ণাটকে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
তবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর—এসব রাজ্য থেকে এখন পর্যন্ত কোনো সক্রিয় করোনা রোগীর খবর পাওয়া যায়নি, যা কিছুটা হলেও স্বস্তির।
বিশ্বজুড়ে ২০২০ সালে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নতুন করে আবার মাথাচাড়া দিয়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ভারত সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


























