তেল আবিবে পরমাণু বিস্ফোরণের এআই ছবি পোস্ট নেতানিয়াহুর
- আপডেট সময় ১১:৪৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 20
ইসরায়েলের নির্বাচনের মাত্র দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি তেল আবিবে পরমাণু বিস্ফোরণের একটি ছবি প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ইরানের কাছ থেকে আসা কথিত ‘অস্তিত্বগত হুমকি’ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি দুই বছর কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি।
নেতানিয়াহুর প্রকাশ করা ছবিতে ঘনবসতিপূর্ণ একটি শহরের ওপর বিশাল মাশরুম আকৃতির ধোঁয়ার মেঘ দেখা যায়। বিস্ফোরণের দৃশ্যে শহরের কয়েকটি ভবন ধ্বংস হতে দেখা গেছে। ছবিটির সঙ্গে ইসরায়েলি লেখক ও রাজনৈতিক ভাষ্যকার ইউভাল ব্লুমবার্গের একটি বক্তব্যও শেয়ার করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নেতানিয়াহু বলেন, ইসরায়েল বর্তমানে বাস্তব ও স্পষ্ট অস্তিত্বগত বিপদের মুখে রয়েছে। ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে। তাঁর মতে, ইরান ও শিয়া অক্ষের কাছ থেকে আসা হুমকির তুলনায় অন্য সব বিষয়ই তুচ্ছ।
নেতানিয়াহু আরও দাবি করেন, বিভিন্ন সময়ে তৈরি হওয়া সাজানো ও বানোয়াট বিতর্ক ইরানের বিরুদ্ধে অভিযান সম্পন্ন করার মূল লক্ষ্য থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা। তিনি বলেন, বিষয়টি ইসরায়েলের প্রতিটি মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত।
পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি সময় নিয়েও মন্তব্য করেন নেতানিয়াহু। তাঁর ভাষ্য, ইরানের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পন্ন করার জন্য ট্রাম্পের হাতে আরও দুই বছর সময় রয়েছে। এরপর কে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসবেন, তা নিশ্চিত নয়। কমলা হ্যারিস কিংবা অন্য কোনো ‘মাঝারি মানের’ ব্যক্তি পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
নেতানিয়াহুর মতে, আগামী বছরগুলোতে ইসরায়েলের অস্তিত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার এখনই সুযোগ। এ লক্ষ্য অর্জনে রাষ্ট্রের সব প্রয়োজনীয় সম্পদ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
তবে নেতানিয়াহুর এ পোস্টের সমালোচনা করেছেন তাঁর রাজনৈতিক প্রতিপক্ষরা। ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান অভিযোগ করেন, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, নেতানিয়াহু ততই নিয়ন্ত্রণ হারাচ্ছেন।
গোলান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী তেল আবিবের ওপর পারমাণবিক বোমার ছবি প্রকাশ করেছেন। তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখা উচিত। নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন বলেও মন্তব্য করেন তিনি।
ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোটও নেতানিয়াহুর সমালোচনা করেন। তিনি বলেন, নেতানিয়াহু আবারও ভয় ছড়ানোর ভিডিও প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, প্রতিটি নির্বাচনি প্রচারের মতো এবারও নেতানিয়াহু মিথ্যা ও আতঙ্ক ছড়ানোর একই কৌশল অনুসরণ করছেন।
আগামী মঙ্গলবার ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির নির্বাচনি ব্যবস্থায় জাতীয় পর্যায়ে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন বণ্টন করা হয়। ১২০ আসনের সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে কোনো দল বা জোটকে অন্তত ৬১টি আসন পেতে হবে।





















