তিন লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার
- আপডেট সময় ০২:২২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 38
দেশের ২০ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের তিন লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এই কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে। নারী শিক্ষায় উৎসাহ জোগানো এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে ছাত্রীদের জন্য নির্ধারিত কয়েকটি মডেলের বাইসাইকেলের নমুনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি নিজেই সাইকেলগুলো চালিয়ে সেগুলোর গুণগত মান ও ব্যবহারিক উপযোগিতা যাচাই করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কারা ও কীভাবে পাবেন এই সাইকেল
শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশের ২০ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। মূলত মেধাক্রমের ভিত্তিতেই উপহারের এই সাইকেল বিতরণ করা হবে। সে অনুযায়ী, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম—এই পাঁচটি শ্রেণির প্রতিটির মেধাতালিকায় থাকা প্রথম তিনজন ছাত্রী এই সুবিধা পাবে। তবে সাইকেল পেতে শিক্ষার্থীদের আলাদাভাবে আবেদন করতে হবে কি না, কী ধরনের কাগজপত্র প্রয়োজন হবে কিংবা কোন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম নির্ধারিত হবে—সে বিষয়ে বিস্তারিত নীতিমালা এখনো প্রকাশ করা হয়নি। বিতরণের নির্দিষ্ট সময়সূচি ও প্রক্রিয়া জানতে শিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী আনুষ্ঠানিক নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে।
উদ্যোগের মূল লক্ষ্য ও নমুনা প্রদর্শনী
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দূরবর্তী এলাকা থেকে বিদ্যালয়ে যাতায়াতের ভোগান্তি কমিয়ে মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি বাড়ানো এবং ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আরও অনুপ্রাণিত করতেও এই উদ্যোগ ভূমিকা রাখবে।
বুধবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত সাইকেলের নমুনা প্রদর্শনীতে প্রধানমন্ত্রীর সঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















