মিস ইউনিভার্স ২০২৬ হলেন পুয়ের্তো রিকোর জেনিফার
- আপডেট সময় ১২:১৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 30
বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ৭৫তম আসরে ‘মিস ইউনিভার্স ২০২৬’-এর মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেত্তো। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার জমকালো গ্র্যান্ড ফিনালে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের পেছনে ফেলে বিজয়ী হন জেনিফার।
চূড়ান্ত পর্বের শুরুতে বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ৩০ জনকে বাছাই করা হয়। এরপর সুইমস্যুট পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে সেরা ১২ জনকে নির্বাচন করেন বিচারকরা। ইভনিং গাউন পর্ব শেষে চূড়ান্ত পাঁচ প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়।
সেরা পাঁচে জায়গা করে নেন স্বাগতিক পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো, ফিলিপাইনের বিট্রিস ‘বিয়া’ মিলান উইনডরস্কি, নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ এবং ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ।
চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের মেধা ও উপস্থিত বুদ্ধি যাচাইয়ে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। প্রত্যেক প্রতিযোগীকে বিচারকদের দুটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ৩০ সেকেন্ড করে সময় দেওয়া হয়। প্রথম প্রশ্নটি ছিল প্রত্যেকের জন্য আলাদা, আর দ্বিতীয় প্রশ্নটি ছিল সবার জন্য অভিন্ন।
প্রতিযোগিতার বিভিন্ন পর্বের পারফরম্যান্স ও সার্বিক মূল্যায়ন শেষে জেনিফার বারেত্তোকে ২০২৬ সালের মিস ইউনিভার্স হিসেবে ঘোষণা করা হয়।
বিজয়ী জেনিফারের মাথায় পরিয়ে দেওয়া হয় বিশেষ নকশার মুকুট ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’। ১৮ ক্যারেট সাদা সোনা ও ৩ হাজার ১৫০টি হীরা দিয়ে তৈরি মুকুটটি পরিয়ে দেন আগের আসরের মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ।






















