‘যদি কেউ বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না’: যুবদল নেতা নয়ন
- আপডেট সময় ০৬:১১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 42
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেন, ‘খুনি হাসিনার দলের নেতাকর্মীদের জন্য আমার দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের মানবতার দরজা বন্ধ হয়ে গেছে। যদি কেউ বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না।’
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিলে তিনি এ হুঁশিয়ারি দেন।
নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে নয়ন আরও বলেন, ‘আর রাস্তায় বের হয়ো না। অন্তত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভেতরে। খোদার কসম ছাড়বো না কিন্তু।’
তিনি দাবি করেন, আজও কয়েকজনকে ধরার পর তিনি তাঁদের রক্ষা করেছেন। তাঁর ভাষ্য, রাতের অন্ধকারে যাঁরা আগুন দিতে আসছেন, তাঁরা ধরা খাবেনই।
নয়ন আরও বলেন, কিছু সুশীল আছেন, যাঁরা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করেছেন এবং বিএনপির সময় বিএনপি করে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করছেন। তাঁরা নিরাপদ হতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।
স্বৈরাচার হাসিনার দলের জন্য বাংলাদেশের মানুষের মানবতার দরজা বন্ধ হয়ে গেছে বলেও সতর্কবার্তা দেন রবিউল ইসলাম নয়ন।
























