২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস: জ্বালানি প্রতিমন্ত্রী
- আপডেট সময় ০৬:৫৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 24
দীর্ঘদিন ধরে গ্যাস ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের সংকটে শিল্পায়নে পিছিয়ে রয়েছে খুলনা অঞ্চল। এ সংকট কাটাতে ২০৩০ সালের মধ্যে পাইপলাইনের মাধ্যমে ভোলার গ্যাস খুলনায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই এবং জ্বালানির অভাবে বন্ধ ও অলস পড়ে থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একসময় খুলনা অঞ্চলের পাটকলগুলো বিশ্বজুড়ে এ বিভাগের পরিচিতি তুলে ধরেছিল। দেশের অর্থনীতিতেও এসব শিল্পকারখানার গুরুত্বপূর্ণ অবদান ছিল। কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে না পারা এবং গ্যাস ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাবে অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। খালিশপুর, দৌলতপুর ও মোংলায় শিল্পায়নের বিপুল সম্ভাবনা থাকলেও জ্বালানিসংকটে তা কাজে লাগানো যাচ্ছে না।
তিনি জানান, মোংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যশোরের অভয়নগরেও বড় অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। কিন্তু এসব অঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিত করা না গেলে শিল্পায়নের উদ্যোগ কার্যকর হবে না। এ কারণে ভোলা থেকে পাইপলাইনে গ্যাস আনার পাশাপাশি এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এ উদ্যোগের প্রেক্ষাপট তুলে ধরে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ২০০৫ সালের ঘোষণার কথা উল্লেখ করেন। সে সময় ২০০৭ সালের মধ্যে খুলনা বিভাগে গ্যাস-সংযোগ দেওয়ার পরিকল্পনা ছিল।
খুলনার বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কাজে লাগানোর উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রূপসার ৮৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রসহ খুলনায় প্রায় ১ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার আরও দুটি বিদ্যুৎকেন্দ্র জ্বালানির অভাবে অলস পড়ে রয়েছে। এসব কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া মোংলা, খালিশপুর, দৌলতপুর, যশোরের অভয়নগর ও ভৈরববাজারের বিদ্যুৎকেন্দ্রগুলো সচল করতে সরকার কাজ করছে।
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, লবণসহিষ্ণু ধান উৎপাদন, বন্যার আগাম সতর্কবার্তা, রান্নাঘরের বর্জ্য ও বায়োমাস থেকে জ্বালানি তৈরি, মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গবাদিপশুর রোগ শনাক্তকরণে শিক্ষার্থীদের উদ্ভাবনগুলো মানুষের বাস্তব সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারে। পুরস্কারপ্রাপ্ত প্রকল্পের পাশাপাশি মানুষের জীবনমান বদলে দেওয়ার সম্ভাবনাময় উদ্ভাবনগুলোর বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার প্রত্যাশা করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রান্নাঘরের বর্জ্য থেকে বায়োফুয়েল তৈরির পাইলট প্রকল্পে মন্ত্রণালয় অর্থায়ন করেছে। প্রকল্পটি সফল হওয়ায় এটি বাণিজ্যিকভাবে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে খুলনা সিটি করপোরেশনের সঙ্গে কাজ করবে মন্ত্রণালয়।
শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, মন্ত্রণালয়ের আওতাধীন কোম্পানিগুলোর সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের কাঠামো পরিবর্তন করে মেধাবীদের শিক্ষাবৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রগুলোতে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের এক থেকে তিন মাসের ইন্টার্নশিপের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, খুন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের সন্তানদের শিক্ষার ব্যয় নির্বাহ, অসচ্ছল মানুষের চিকিৎসা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করছে। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিশ্ববিদ্যালয়টির বিকাশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন তিনি।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।



















