মারা গেলেন বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী
- আপডেট সময় ০৮:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 34
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। লন্ডনে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়ে অসুস্থ হওয়ার পর শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুর খবর স্টার নিউজকে নিশ্চিত করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক শেখ আবু তালেব।
জানা গেছে, কয়েক দিন আগে চিকিৎসকের পরামর্শ নিতে লন্ডনে যান খালিদী। বৃহস্পতিবার রাতে সেখানে একটি হোটেলের কক্ষে মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।
দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে পরিচিত মুখ ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিষ্ঠার আগে দেশের একটি ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন খালিদী। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন। ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন স্থানে গণমাধ্যম এবং সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণও নিয়েছেন তিনি।
সম্প্রচার, মুদ্রণ ও ডিজিটাল—সাংবাদিকতার তিনটি মাধ্যমেই কাজের অভিজ্ঞতা ছিল তার। দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশেও ভূমিকা রাখেন খালিদী। তার নেতৃত্বে ২০০৬ সালে নতুন ব্যবস্থাপনায় ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ নামে নতুনভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।
২০১৭ সালের একটি প্রতিবেদনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইন্টারনেটে বাংলাদেশের প্রথম সার্বক্ষণিক সংবাদ প্রকাশক হিসেবে উল্লেখ করা হয়েছিল।
সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে বিশেষ সম্মাননা পান তৌফিক ইমরোজ খালিদী। ডিজিটাল বাংলাদেশে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
ওই বছরের ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন তৎকালীন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।























