শেষ উইকেটের আক্ষেপে বাংলাদেশ, ফাইনাল হাতছাড়া
- আপডেট সময় ১১:০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 36
জয়ের একেবারে দ্বারপ্রান্তে গিয়েও শেষ রক্ষা হলো না বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের। ডারউইনের গার্ডেনস ওভালে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালে ভিক্টোরিয়া সিএ একাদশের কাছে মাত্র এক উইকেটে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ এইচপি।
রোববার (৩০ আগস্ট) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভিক্টোরিয়া। শুরুটা ভালো হলেও মাঝের ওভারে একের পর এক উইকেট হারিয়ে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ১৭.১ ওভারে ১০১ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন জিশান আলম। ২০ বলের ইনিংসে তিনটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। আরিফুল ইসলাম ১০ বলে করেন ১৯ রান। আবু হায়দার ১২ এবং আবদুল গাফফার সাকলাইন ১০ রান করেন।
৪৯ রানে দুই উইকেট হারানোর পর দ্রুত ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। জিশান ৫৬ রানে ফিরে যাওয়ার পর অধিনায়ক ইরফান শুক্কুর প্রথম বলেই আউট হন। এরপর শামিম হোসেন ও রাকিবুল হাসান দ্রুত ফিরলে ৭০ রানেই সাত উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।
ভিক্টোরিয়ার অধিনায়ক উইল সাদারল্যান্ড ছিলেন বল হাতে সবচেয়ে সফল। ২৭ রান খরচায় তিনি তুলে নেন চারটি উইকেট। স্যাম এলিয়ট, হ্যারি হোয়েকস্ট্রা ও টড মারফি পান দুটি করে উইকেট।
১০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে ভিক্টোরিয়া। প্রথম ওভারেই হ্যারি ডিক্সনকে রুবেল শূন্য রানে ফেরান। পরে শামিম হোসেন টম রজার্সকে ১৮ ও ক্যাম্পবেল কেলাওয়েকে ২৩ রানে সাজঘরে পাঠিয়ে ম্যাচে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে আসেন।
একপর্যায়ে ৭৫ রানে তিন উইকেট থাকায় জয়ের দিকেই এগোচ্ছিল ভিক্টোরিয়া। কিন্তু এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আবু হায়দারের বলে ব্লেক ম্যাকডোনাল্ড ১৫ রানে আউট হওয়ার পর রুবেল পরপর দুই বলে উইল সাদারল্যান্ড ও স্যাম এলিয়টকে ফিরিয়ে দেন।
এরপর আরও তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচকে প্রায় বাংলাদেশের হাতের মুঠোয় নিয়ে আসেন বোলাররা। রিপন মণ্ডলের বলে ব্রডি সাইমন্স ৬ রানে বোল্ড হন। রাকিবুল হাসানের বলে হ্যারি হোয়েকস্ট্রা ফেরেন ১ রানে। পরে রানআউটে টড মারফি ফিরে গেলে ১০১ রানেই ৯ উইকেট হারায় ভিক্টোরিয়া।
তখন জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র একটি উইকেট। কিন্তু শেষ আঘাতটি আর হানতে পারেনি তারা। লিয়াম ব্ল্যাকফোর্ড ঠান্ডা মাথায় ২৬ বলে অপরাজিত ১৯ রান করে ১৯.৪ ওভারে ভিক্টোরিয়াকে ১০৫ রানে পৌঁছে দেন।
ফলে মাত্র এক উইকেটের ব্যবধানে জয় পেয়ে ফাইনালে উঠে যায় ভিক্টোরিয়া সিএ একাদশ। আর শেষ উইকেটটি নিতে না পারার আক্ষেপ নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় বাংলাদেশ এইচপিকে।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রুবেল। চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। শামিম হোসেন দুটি এবং আবু হায়দার, রিপন মণ্ডল ও রাকিবুল হাসান একটি করে উইকেট শিকার করেন।
























