মহাসড়কে থ্রি-হুইলার চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ০৪:৩৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 130
মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার ১৮ আগস্ট দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় অটো সুপার ফাইন সিস্টেম এআই ক্যামেরার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থ্রি-হুইলারগুলো বাজার, ফিলিং স্টেশন ও পিডার রোডে চলাচল করবে। তবে মহাসড়কে এসব যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে না।
এ সময় মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে এআই ক্যামেরার কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং এবং উল্টোপথে চলাচলের মতো আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে ক্যামেরা।
আইন ভঙ্গ হলে গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে মামলার তথ্য ও জরিমানার নোটিশ পাঠানো হবে। পরে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধের সুযোগ থাকবে বলে জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, মহাসড়কে এআই ক্যামেরা স্থাপনের ফলে পরিবহনে চাঁদাবাজির প্রবণতাও কমে আসবে। মালিকপক্ষ কিংবা শ্রমিকপক্ষ—যেই চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকুক, মহাসড়কে সংঘটিত এমন কর্মকাণ্ড ক্যামেরার আওতায় রেকর্ড থাকবে।


























