ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব, বিসর্জন ২১ অক্টোবর
- আপডেট সময় ০২:২২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 43
ষষ্ঠীপূজাবাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের তথ্য অনুযায়ী, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় ৪৯৬টি বেশি।
পূজার নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। এর মধ্য দিয়ে দেবীর মূল প্রতিমায় পূজা-অর্চনার আনুষ্ঠানিকতা শুরু হবে।
প্রচলিত রীতি অনুযায়ী, মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন দুর্গাপূজা উদ্যাপিত হয়। তবে এ বছর মহাসপ্তমীর তিথি দুদিন পড়ায় উৎসবের আনুষ্ঠানিকতা চলবে ছয় দিন। সূচি অনুযায়ী, শনিবার মহাসপ্তমী, রোববার অধিক পূজা উপলক্ষে মহাসপ্তমী, সোমবার মহাষ্টমী ও কুমারী পূজা এবং মঙ্গলবার মহানবমী পালিত হবে। বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব।
হিন্দু শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন ঘোটকে বা ঘোড়ায় এবং গমন নৌকায়। শাস্ত্রমতে, শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী দুর্গা মর্ত্যলোকে বাপের বাড়িতে বেড়াতে আসেন।
ধর্মীয় কাহিনি অনুযায়ী, অসুরশক্তির কাছে পরাজিত হয়ে দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিলেন। অশুভ শক্তিকে বিনাশ করতে দেবতারা একত্র হন। অসুরদের দমন করার জন্য তখন এক মহাশক্তির আবির্ভাব ঘটে। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হন অসুরবিনাশী দেবী দুর্গা।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের তথ্য বলছে, গত বছরের তুলনায় এবার সারা দেশে পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে ৪৯৬টি। তবে ঢাকা মহানগরে এবার মণ্ডপের সংখ্যা তিনটি কমেছে। রাস্তার ওপর পূজা আয়োজনের অনুমতি না পাওয়ায় রাজধানীতে এবার ২৫৮টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন পূজামণ্ডপে পূজা-অর্চনা, ধর্মীয় অনুষ্ঠান ও নানা উৎসবের আয়োজন থাকবে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

























