বাকস্বাধীনতার নামে উসকানি গ্রহণযোগ্য নয়: সমাজকল্যাণমন্ত্রী
- আপডেট সময় ০৬:২৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 36
বাকস্বাধীনতার অর্থ ইচ্ছেমতো বক্তব্য দেওয়া নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, কটূক্তি ও উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা হলে জনগণ তা গ্রহণ করবে না।
বুধবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, একটি গোষ্ঠী অপ্রয়োজনীয়ভাবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ তৈরি করার চেষ্টা করছে। তার ভাষ্য, এ ধরনের অপচেষ্টার রাজনৈতিক জবাব বিএনপি রাজপথেই দেবে।
তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। এ পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান তিনি। পাশাপাশি এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার পরামর্শ দেন, যা দলকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির উদারতার সুযোগ নিয়ে একাত্তরের পরাজিত শক্তি দলটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।






















