র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল ভারত
- আপডেট সময় ১২:০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 33
শ্রীলঙ্কাকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছে ইংল্যান্ড। ম্যানচেস্টারে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ভারতকে পেছনে ফেলেছে ইংলিশরা।
আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়ে কিছুদিন আগে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছিল ভারত। তবে ইংল্যান্ডের সিরিজ জয়ের পর আবারও দুই নম্বরে নেমে গেছে বিশ্বচ্যাম্পিয়নরা।
ওল্ড ট্রাফোর্ডে আগে ব্যাট করে ১২৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে ৬২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জস বাটলার। ৩২ বলে ৬২ রানে অপরাজিত থেকে অধিনায়ক হ্যারি ব্রুকের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন তিনি। ব্রুক করেন ৩৩ রান।
সিরিজের প্রথম ম্যাচে ১১৯ রানের জয় পেয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে জয় আসে ছয় উইকেটে। সব মিলিয়ে সর্বশেষ ২৬ টি-টোয়েন্টির ২৩টিতেই জয় পেয়েছে ইংলিশরা।
র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাওয়াকে বড় অর্জন হিসেবে দেখছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। তিনি বলেন, টি-টোয়েন্টিতে আবারও বিশ্বের এক নম্বর হওয়া অসাধারণ অর্জন। এ জন্য দলের প্রত্যেকের গর্বিত হওয়া উচিত। যারা বেশি খেলার সুযোগ পাননি, তারাও নিজেদের সেরাটা দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
সিরিজে ব্যাট হাতে ১৭০ রান করেছেন ব্রুক। তিন সংস্করণেই ইংল্যান্ডের নিয়মিত খেলোয়াড় হওয়ায় ব্যস্ততার মধ্যেও দেশের হয়ে খেলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। এ কারণেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান ব্রুক।
অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারা শ্রীলঙ্কা এখন ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চাইছে। আগামী ২২ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে তারা।
শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেন, ব্যাটিং ও বোলিং—দুই দিক থেকেই সিরিজটি তাদের জন্য হতাশাজনক ছিল। টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা দলগুলোর তুলনায় নিজেদের অবস্থান বোঝার ক্ষেত্রে এই সিরিজ তাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

























