বার্সেলোনাকেই চ্যাম্পিয়ন্স লিগের ফেবারিট বলছেন এমেরি
- আপডেট সময় ১১:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 17
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম ফেবারিট বার্সেলোনা—এমন মন্তব্য করেছেন অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি। কাতালান ক্লাবটির আক্রমণভাগের শক্তির প্রশংসা করে তিনি তরুণ স্প্যানিশ তারকা লামিন ইয়ামালকে ভবিষ্যতের বিশ্বসেরা ফুটবলারদের একজন হিসেবেও অভিহিত করেছেন।
মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনার মাঠে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে এমেরি বলেন, ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় বার্সেলোনা সব সময়ই শিরোপার অন্যতম দাবিদার। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে যেকোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রয়েছে দলটির।
এমেরি বলেন, “চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য পাঁচটি দল বেছে নিতে হলে বার্সেলোনা অবশ্যই সেই তালিকায় থাকবে। অতীতেও তারা ফেবারিট ছিল, এখনো আছে। নিজেদের সেরাটা দিতে পারলে যেকোনো দলকে হারাতে পারে তারা।”
বার্সেলোনার আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাফিনিয়া ও লামিন ইয়ামালেরও প্রশংসা করেন অ্যাস্টন ভিলা কোচ। বিশেষ করে ইয়ামালের প্রতিভায় মুগ্ধ তিনি। এমেরির মতে, বর্তমান সময়ে বিশ্বের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা খেলোয়াড়দের একজন এই স্প্যানিশ তরুণ।
বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকের কাজ নিয়েও সন্তোষ প্রকাশ করেন এমেরি। তার মতে, ফ্লিকের অধীনে দলটির খেলায় আক্রমণাত্মক ফুটবলের স্পষ্ট ছাপ রয়েছে। পাশাপাশি দর্শকদের উপভোগ করার মতো ফুটবল খেলছে কাতালান ক্লাবটি।
তবে বার্সেলোনার প্রশংসার পাশাপাশি তাদের মাঠে অ্যাস্টন ভিলার সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, এমেরির বক্তব্যে সেটিও উঠে এসেছে।

























