আর্জেন্টিনার যে পরিকল্পনা মেসির বিদায়ী ম্যাচ নিয়ে
- আপডেট সময় ০৫:৪৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 37
২০২৬ বিশ্বকাপের হতাশা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আগামী ফিফা আন্তর্জাতিক বিরতিতে দুই থেকে তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে প্রতিপক্ষ ও ভেন্যুর আনুষ্ঠানিক ঘোষণা নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে বুধবার করা হতে পারে।
এই ম্যাচগুলোকে ঘিরে সবচেয়ে বেশি আগ্রহ লিওনেল মেসিকে নিয়ে। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়া আর্জেন্টাইন অধিনায়ককে দেশের জার্সিতে অন্তত একটি শেষ ম্যাচে দেখতে চান সমর্থকেরা। ৩৯ বছর বয়সী মেসি বিশ্বকাপ ফাইনালের পরাজয়ের পাশাপাশি বাবাকে হারানোর ব্যক্তিগত শোকও সামলাচ্ছেন।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) এক শীর্ষ কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম ইনফোবে-কে জানিয়েছেন, মেসিকে দেশের সমর্থকদের সামনে বিদায় জানানোর সুযোগ করে দিতে চায় এএফএ। তবে তার ব্যক্তিগত পরিস্থিতি ও সিদ্ধান্তের প্রতিও সম্মান দেখাতে চান তারা।
আসন্ন ম্যাচগুলোর জন্য বিশ্বকাপের মূল দল কিংবা কাছাকাছি একটি স্কোয়াড রাখার পরিকল্পনা রয়েছে। এর সঙ্গে কয়েকজন নতুন খেলোয়াড়কেও সুযোগ দেওয়া হতে পারে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে বুরকিনা ফাসো ও বেনিনের নাম আলোচনায় থাকলেও কনকাকাফ অঞ্চলের একটি দলের সঙ্গে ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা চলছে। বুরকিনা ফাসো সামাজিক যোগাযোগমাধ্যমে একবার আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ইঙ্গিত দিয়ে পরে সেই পোস্ট সরিয়ে নেয়।
এদিকে জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। ২০২৬ সালে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া স্কালোনির সঙ্গে আলোচনা করে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী বলে জানা গেছে।
২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে আন্তর্জাতিক উইন্ডো। পরিকল্পনা অনুযায়ী, ৩ অক্টোবর প্রথম এবং ৬ অক্টোবর দ্বিতীয় প্রীতি ম্যাচ আয়োজন করা হতে পারে। সম্ভাব্য ভেন্যু হিসেবে কর্ডোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়াম ও বুয়েনস এইরেসের রিভার প্লেটের মনুমেন্টাল স্টেডিয়ামের নাম রয়েছে। এর আগে আরও একটি ম্যাচ আয়োজনের সম্ভাবনাও রয়েছে।

























