টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই অবসরে নিউজিল্যান্ডের ৩ কিংবদন্তি
- আপডেট সময় ০২:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 6
মেয়েদের ক্রিকেটে একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। ইংল্যান্ডের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন নিউজিল্যান্ডের তিন দিকপাল ক্রিকেটার—সুজি বেটস, সোফি ডিভাইন এবং লিয়া তাহুহু। নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তিন তারকা নিজেদের শেষ মিশনের জন্য প্রস্তুত হচ্ছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড ৪৭১৭ রানের মালিক সুজি বেটস কয়েক দিন আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন। ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডারের পথে হেঁটে এবার অবসরের সিদ্ধান্ত নিলেন ৩৬ বছর বয়সী সোফি ডিভাইন ও ৩৫ বছর বয়সী পেসার লিয়া তাহুহু। অভিজ্ঞ এই ত্রয়ীকে নিয়েই বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য নির্ধারণ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
অ্যামেলিয়া কেরের নেতৃত্বে ঘোষিত নিউজিল্যান্ড স্কোয়াডে গত বিশ্বকাপজয়ী দলের ১০ জন সদস্য জায়গা পেয়েছেন। দলের অভিজ্ঞ ও তারুণ্যের মিশ্রণ ঘটিয়ে ইজি গেজ, ম্যাডি গ্রিন, ব্রুক হ্যালিডে এবং জেস কেরদের পাশাপাশি নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ব্রি ইলিং ও পলি ইংলিসরা।
নিউজিল্যান্ড আগামী ৬ জুন বাংলাদেশের বিপক্ষে এবং ৯ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৪ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কিউইদের মূল বিশ্বকাপ অভিযান। গ্রুপ-২ এ নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা।
দলের তিন সিনিয়র সদস্যের অবসর প্রসঙ্গে কিউই প্রধান কোচ বেন সাওয়ার বলেন, “একই টুর্নামেন্টে আমাদের সবচেয়ে অভিজ্ঞ তিন ক্রিকেটারের অবসরের ঘটনা বিরল এবং আবেগের। তাঁরা তিনজনই নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য অনেক কিছু দিয়েছেন। তাঁদের বিদায় মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে এবং বিশ্বকাপ ট্রফি উপহার দিতে পুরো দল প্রস্তুতিতে দারুণ মনোযোগী।”
























