আইসিসি ও এসিসি সভায় প্রতিনিধিত্ব করবেন তামিম
- আপডেট সময় ১০:৩৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / 29
আইসিসি ও এসিসি সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তামিম
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং এশীয় ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় বিসিবির প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন বোর্ড প্রধান তামিম ইকবাল। বিসিবির অ্যাডহক কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পরামর্শ অনুযায়ী, তামিমের পাশাপাশি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাকেও (সিইও) বাংলাদেশের প্রতিনিধি হিসেবে রাখা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর প্রথম বোর্ড সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন থেকে বোর্ডের নির্ধারিত মুখপাত্র হিসেবে তানজিল চৌধুরী সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। তানজিল চৌধুরী জানান, প্রাথমিক সভায় ব্যাংকের সিগনেটরি নির্ধারণসহ কিছু নিয়মিত প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইসিসি ও এসিসিতে প্রতিনিধিত্বের ক্ষেত্রে দীর্ঘদিনের ঐতিহ্য ও নিয়ম অনুসরণ করে বোর্ড সভাপতিকেই মনোনীত করা হয়েছে। তবে বর্তমান বোর্ডটি একটি অ্যাডহক কমিটি হওয়ায় আইসিসির নির্দেশনায় প্রধান নির্বাহীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিসিবির এই রদবদল এমন এক সময়ে ঘটল যখন নিউজিল্যান্ড দল দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী সোমবার বাংলাদেশে আসার কথা রয়েছে। অ্যাডহক কমিটি ইতোমধ্যেই সিরিজের প্রস্তুতি নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছে। এ ছাড়া লিগ্যাল কাউন্সিল নিয়োগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য বুধবার সন্ধ্যা ৬টায় পরবর্তী সভা নির্ধারণ করা হয়েছে।

























