লাল কার্ডের নাটকীয়তায় শেষ ষোলোতে পিএসজি
- আপডেট সময় ০৪:৪৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 17
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে লুইস এনরিকের পিএসজি আবারও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল। মোনাকোর বিপক্ষে দ্বিতীয় লেগে ২-২ গোলে ড্র করলেও, প্রথম লেগের ৩-২ ব্যবধানের লিড তাদের পথ সুগম করে। শেষ পর্যন্ত ৫-৪ অ্যাগ্রিগেটে জয় নিয়ে প্লে-অফ পেরিয়ে নকআউট পর্বে পা রাখলো বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের ৫৮ মিনিটে কুলিবালির লাল কার্ড মোনাকোকে ব্যাকফুটে ঠেলে দেয়। ১০ জনের মোনাকোর বিপক্ষে ২-২ ড্র করলেও অ্যাগ্রিগেটে ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলোতে নাম লেখালো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি।
ম্যাচের প্রথমার্ধে মাঘনেশ অ্যাকলিউশের গোলে মোনাকো লিড নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে রাখলেও ৫৮ মিনিটে সব ওলটপালট হয়ে যায়। মামাদু কুলিবালি মাঠ ছাড়লে ১০ জনের মোনাকোর ওপর চড়াও হয় পিএসজি। ফ্রি-কিক থেকে অধিনায়ক মার্কিনিয়োসের সমতা এবং ঠিক ছয় মিনিট পর কাভারৎস্খেলিয়ার গোলে ম্যাচে ফেরে লুইস এনরিকের দল। শেষ পর্যন্ত ৫-৪ অ্যাগ্রিগেটে নকআউট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের শেষ দিকে জর্ডান তেজের গোলে হারের ভয় জাগলেও শেষ পর্যন্ত ২-২ ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে মোনাকোকে। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল
পুরো ম্যাচ জুড়ে দাপট দেখিয়েছে পিএসজি। ৬৮ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি তারা প্রতিপক্ষের গোলমুখে মোট ২১টি আক্রমণ চালায়, যার ৭টিই ছিল লক্ষ্যে। বিপরীতে মোনাকো মাত্র ৯টি শট নিতে সক্ষম হয়, যার মধ্যে অন-টার্গেট শট ছিল মাত্র ৩টি।
মোনাকো কোচ পোকোগনলির মতে, কুলিবালির লাল কার্ডই ম্যাচের চিত্র বদলে দিয়েছে। রেফারির সিদ্ধান্তকে কঠোর বললেও, প্রতিকূল পরিস্থিতিতে দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন তিনি। বলেন দল প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে ভালো লড়াই করেছে।
পিএসজি কোচ লুইস এনরিকে প্রথমার্ধের নড়বড়ে পারফরম্যান্সের কথা স্বীকার করলেও, দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতায় সন্তোষ প্রকাশ করেছেন। তার মতে, কঠিন পরিস্থিতি সামলে নেওয়াই এখন এই দলের অভ্যাসে পরিণত হয়েছে।
বিগত আট আসরে পাঁচবার শেষ ষোলো থেকে ছিটকে পড়ার তিক্ত ইতিহাস থাকলেও এবার আর ভুল করেনি পিএসজি। কঠিন পরীক্ষা দিয়ে সেরা ১৬-তে জায়গা করে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

























