পূর্বশত্রুতার জেরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় ০৯:৪১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 19
রাজধানীর সবুজবাগে ইব্রাহিম পলাশ (৩৬) নামে ওয়ার্ড বিএনপির এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে বর্বরোচিতভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাতের কবজিই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সবুজবাগের রাজারবাগ বাজার পানির পাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পলাশ পেশায় প্রাইভেটকার চালক ছিলেন। তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আবুল বাশারের ছেলে এবং মাদারটেক এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পলাশ একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় পূর্বশত্রুতার জেরে স্থানীয় রয়েল, সবুজ ও নাঈমসহ ১০-১২ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীদের মতে, সম্প্রতি এলাকার একটি গ্যারেজ থেকে চুরি হওয়া রিকশা উদ্ধার করা নিয়ে স্থানীয় ‘সবুজ’ নামের এক ব্যক্তির সঙ্গে পলাশের তর্ক-বিতণ্ডা হয়। সেই চুরির বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনার তদন্ত চলছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
























