সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র চলছে: রিজভী
- আপডেট সময় ০৭:২৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 27
দেশে ও বিদেশে অবস্থান করে একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ ধরনের প্রচেষ্টা প্রতিহত করতে আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তাব্যবস্থা জোরদারে সরকার সার্বিক উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের ২৯তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে বারবার নির্দেশনা দিয়েছেন। দলের পক্ষ থেকেও জাতীয় কমিটি গঠন করে পূজা উদ্যাপন কমিটির সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নেতাকর্মীদের পূজামণ্ডপ কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ, পাহারার ব্যবস্থা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে সহযোগিতা করতে বলা হয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের উদ্দেশে রিজভী বলেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শিক্ষার বিকল্প নেই। ন্যূনতম শিক্ষা অর্জন করতে না পারলে মানুষ বঞ্চনা ও প্রতারণার শিকার হতে পারে। সর্বজনীন শিক্ষা মানুষের জন্মগত অধিকার। শিক্ষার প্রসারে যাঁরা কাজ করেন, তাঁদের তিনি মহৎ ব্যক্তি বলে মনে করেন।
বিদ্যালয়ের বিস্তৃত মাঠের কথা উল্লেখ করে তিনি বীর মুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম পোখরাজের প্রশংসা করেন। পেশাগত জীবনে অবদান রাখার পাশাপাশি নিজ এলাকার উন্নয়নেও তাঁর ভূমিকার কথা তুলে ধরেন রিজভী।
এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, নবাবগঞ্জের এ এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস বেশি। স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক আগেও একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের কাছে জনপ্রিয়। এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে তিনি সম্পৃক্ত থাকেন উল্লেখ করে রিজভী আশা প্রকাশ করেন, আসন্ন দুর্গাপূজা নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।
শিক্ষার্থীদের উদ্দেশে রিজভী বলেন, জীবনকে অর্থবহ করতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চাও জরুরি। সুস্থ জীবনের বিকাশে শিক্ষার্থীদের সুস্থ বিনোদনমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকতে হবে।
অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, দেশ সবার। প্রত্যেকে নিজ নিজ জীবনধারা অনুযায়ী ধর্ম পালন করবেন, তবে কেউ কারও ধর্মকে ছোট করে দেখবেন না।
তিনি বলেন, যন্ত্রাইল ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। এলাকার মানুষ তাঁকে ভালোবাসেন এবং অতীতে দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচন ও সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করেছেন। এলাকার উন্নয়নে পাশে থাকার পাশাপাশি আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর দলের নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি খন্দকার আবু হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা ও বিদ্যালয়ের সাবেক সভাপতি তাহমিনা আদনান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাধেশ্যাম বাড়ৈর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার সার্কেলের পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, আবু শফিক খন্দকার মাসুদ এবং নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফসহ অনেকে।

























