আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
- আপডেট সময় ০৩:২৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 132
আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি মাঠপর্যায়ের ইউনিটগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম জানান, একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তল্লাশি কার্যক্রম ও নিরাপত্তা নজরদারি অব্যাহত থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
এদিকে, পুলিশ সদর দপ্তর থেকেও দেশের বিভিন্ন রেঞ্জ, জেলা ও মহানগর ইউনিটে বিশেষ বার্তা পাঠানো হয়েছে। সেখানে সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা বা সংঘাতের আশঙ্কা বিবেচনায় রেখে আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কিছু এলাকায় রাজনৈতিক কর্মসূচি পালনের উদ্যোগকে কেন্দ্র করে বিরোধী অবস্থানে থাকা বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে সংঘর্ষ, বিশৃঙ্খলা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা সৃষ্টির ঝুঁকি মাথায় রেখে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ প্রশাসন জানিয়েছে, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে।

























