ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের নির্দেশ
- আপডেট সময় ০৪:৩৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / 17
ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাঁচ করবর্ষের এই কর তিন অর্থবছরে পরিশোধ করতে হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, এনবিআরের কর দাবি থেকে অব্যাহতি চেয়ে গ্রামীণ কল্যাণের করা রিটের রুল খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে প্রতিষ্ঠানটিকে ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধ করতে হবে।
এদিন আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।
২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচটি করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে পৃথক দুটি রিট করা হয়। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন।
পরে পুনর্মূল্যায়নের মাধ্যমে ওই পাঁচ করবর্ষের বিপরীতে ৬৬৬ কোটি টাকা কর দাবি করা হয়। কর কমিশনারের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের করা পৃথক রিটের ওপর শুনানি শেষে ২০২৪ সালের ৪ আগস্ট তা খারিজ করে রায় দিয়েছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ।
বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। এর পরদিন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
পরে গণঅভ্যুত্থানের পর ২৯ আগস্ট ওই ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার বিষয়ে হাইকোর্টের আগের রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করা হয়। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ ওই রায় প্রত্যাহার করেন। একই সঙ্গে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়।
নতুন বেঞ্চে শুনানি শেষে বৃহস্পতিবার গ্রামীণ কল্যাণের রিট খারিজ করে দেওয়া হলো। ফলে পাঁচ করবর্ষের জন্য এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে।




















