ট্যুরিস্ট ভিসায় অতিরিক্ত নথি লাগবে না
- আপডেট সময় ০৬:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 3
থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা আবেদনে পুলিশ ক্লিয়ারেন্স ও বাংলাদেশে বৈধ বসবাসের প্রমাণপত্র লাগবে—এমন খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
মূলত ‘ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা’ বা ডিটিভি আবেদনের ক্ষেত্রে নতুন করে দুটি অতিরিক্ত নথি চাওয়া হয়েছে। ট্যুরিস্ট, মেডিকেল, রিটায়ারমেন্টসহ অন্যান্য ভিসার আবেদনে আগের নথি চাওয়ার নিয়মই বহাল রয়েছে।
সোমবার (৩১ আগস্ট) থেকে ডিটিভি ভিসার নতুন নিয়ম কার্যকর হচ্ছে। এ ভিসার আবেদনকারীদের বর্তমানে যে দেশ থেকে আবেদন করছেন, সেখানে তাদের বৈধ বসবাসের প্রমাণপত্র এবং হালনাগাদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে।
ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদনকারীর নিজ দেশ অথবা স্থায়ী বসবাসের দেশ থেকে ইস্যু করা হতে হবে। একই সঙ্গে মূল সনদের পাশাপাশি সার্টিফায়েড নোটারি পাবলিক ও দক্ষ অনুবাদকের মাধ্যমে ইংরেজি অনুবাদও জমা দিতে হবে। শুধু মূল ভাষার সনদ গ্রহণ করা হবে না।
রিমোট কর্মী, ফ্রিল্যান্সার, ডিজিটাল নোভ্যাড ও দীর্ঘমেয়াদি অবস্থানকারীদের মধ্যে ডিটিভি ভিসা বেশ জনপ্রিয়। তবে এই ভিসা করে দেওয়ার কথা বলে বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ রয়েছে।
অন্যদিকে, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আগের নিয়মই বহাল রয়েছে। এ ভিসার জন্য সাধারণত কমপক্ষে ৭ মাস মেয়াদি পাসপোর্ট, পুরনো পাসপোর্ট, সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি, ভিজিটিং কার্ড, নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি), প্রয়োজন অনুযায়ী বৈবাহিক সনদ, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানের পরিচয়পত্র, গত ছয় মাসের ব্যাংক লেনদেনের বিবরণী বা বেতন সনদ/পে-স্লিপ, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্রসহ আগের নথিগুলোই প্রয়োজন হবে।
তাই ডিটিভি ভিসার নতুন নিয়মকে ট্যুরিস্ট ভিসার নিয়ম হিসেবে প্রচার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।























