ঘরের ভেতর বজ্রপাত: ৩ মাসের শিশুর মৃত্যু
- আপডেট সময় ০৬:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / 78
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বসতঘরের ওপর বজ্রপাত পড়ে উজ্জল চাকমা নামে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) ভোরে সাজেক ইউনিয়নের ডানে ভাইবাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে ওই এলাকায় হঠাৎ তীব্র ঝড়-বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে একটি বজ্রপাত সরাসরি স্থানীয় বাসিন্দা প্রদীপ চাকমার বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা তিন মাস বয়সী শিশু উজ্জল চাকমা ঘটনাস্থলেই মারা যায়। একই সময়ে বজ্রপাতের আঘাতে পরিবার প্রধান প্রদীপ চাকমাসহ পরিবারের আরও পাঁচ সদস্য আহত হন।
এই ঘটনায় আহত অন্যান্য সদস্যরা হলেন— মায়া রানি (৪৮), রেশমি চাকমা (২৮), জেরিন চাকমা (১৫) ও তিন বছর বয়সী শিশু নিজুম চাকমা। দুর্ঘটনার পর সকাল ৭টার দিকে প্রতিবেশীরা ও গ্রামবাসীরা মিলে প্রদীপ চাকমার ঘর থেকে আহতদের উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে বজ্রপাতে এক শিশুর মৃত্যুর খবর মিলেছে এবং একই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানতে পেরেছে।


























