উসকানিতে সাড়া না দিয়ে কাজে ফিরুন: শ্রমিক নেতা বাবুল
- আপডেট সময় ০৭:০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 24
বহিরাগতদের উসকানিতে সাড়া না দিয়ে পোশাকশ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তিনি জানিয়েছেন, আগামী জানুয়ারি থেকেই শ্রমিকেরা যাতে বর্ধিত মজুরি পান, সে লক্ষ্য নিয়ে মজুরি বোর্ডে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা হবে। এ ক্ষেত্রে কোনো বিলম্ব হবে না।
সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে শ্রমিকদের উদ্দেশে এ আহ্বান জানান বাবুল আখতার।
এর আগে শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী জানুয়ারি থেকে বর্ধিত মজুরি কার্যকর করার লক্ষ্য নিয়ে মজুরি বোর্ড কাজ করবে। শ্রমিকেরা যাতে নির্ধারিত সময় থেকেই নতুন মজুরি পান, তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
এদিকে পোশাকশিল্পের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবি পূরণ হয়েছে। তাই বর্তমানে শ্রমিকদের কোনো আন্দোলন বা ধর্মঘট চলার কথা নয়। যারা সহিংসতায় জড়াচ্ছে, তাদের উদ্দেশ্য ভিন্ন বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠনের দাবিতে শ্রমিকেরা আগে কখনো সড়ক-মহাসড়ক অবরোধ করেননি। তাঁর ভাষ্য, আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া মুখোশধারীদের কয়েকজনকে রাজনৈতিক স্লোগান দিতে দেখা গেছে।
আন্দোলন চলাকালে গ্রেপ্তার হওয়া শ্রমিকদের দ্রুত মুক্তির ব্যবস্থা করা হবে বলেও জানান সালাহউদ্দিন আহমেদ।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পোশাকশিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শ্রমিক নেতারা বৈঠকে তাঁদের বিভিন্ন দাবি তুলে ধরেন বলে জানা গেছে।
এর আগে সোমবার বেলা ১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাকশিল্পের মালিকদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠক শেষে তিনি জানান, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ এবং জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। শ্রমিকদের সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে সহানুভূতির সঙ্গে ন্যূনতম মজুরি নির্ধারণের পরামর্শও দিয়েছেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবতার নিরিখে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।





















