আন্দোলনের নামে সহিংসতাকারীদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ০৫:১৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 18
আন্দোলনের নামে যারা এখন সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, বর্তমানে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন চলছে না। শ্রমিকদের দাবি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে পোশাকশ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, মজুরি বোর্ড গঠনের দাবিতে শ্রমিকেরা কখনো সড়ক-মহাসড়ক অবরোধ করেননি। তাঁর দাবি, গ্রেপ্তার হওয়া মুখোশধারীদের রাজনৈতিক স্লোগান দিতে দেখা গেছে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পোশাকশিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে শ্রমিক নেতারা তাঁদের বিভিন্ন দাবি তুলে ধরেছেন বলে জানা গেছে।
এর আগে সোমবার সকালে সচিবালয়ে পোশাকশিল্পের মালিকদের নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের জন্য রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সোমবার বোর্ডের প্রথম সভা হতে পারে, অথবা খুব শিগগিরই সভাটি অনুষ্ঠিত হবে। সেখানে মজুরি নির্ধারণের বিষয়ে আলোচনা হবে।
তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব এবং নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও জীবনমান উন্নয়নের বিষয়ে পরামর্শ দিয়েছেন। শ্রমিকদের বিষয়গুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করে বাস্তবতার নিরিখে মজুরি নির্ধারণ করা হবে। এ বিষয়ে অসন্তোষের কোনো কারণ নেই বলে মন্তব্য করেন তিনি।























