বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
- আপডেট সময় ০১:৫২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / 82
দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় এবং সফরকারীদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার দুপুরে এক অভিনন্দন বার্তায় তিনি দলের এই অবিস্মরণীয় সাফল্যে ক্রিকেটার ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় বাংলাদেশের এমন সাফল্য ও জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই ঐতিহাসিক অর্জন আমাদের দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি অনুরাগী ও অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, দলীয় ঐক্য, কঠোর শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল আগামী দিনে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে এবং দেশের নাম উজ্জ্বল করবে। তিনি এই অসামান্য অর্জনের জন্য দলের সমস্ত খেলোয়াড়, কোচিং স্টাফ ও ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
আজ সিলেটে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তান দলকে ৭৮ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। এর আগে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটিই প্রথম সিরিজ জয় ও হোয়াইটওয়াশ করার রেকর্ড।
পাকিস্তানের বিপক্ষে এই রাজকীয় সিরিজ জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এক লাফে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে ৫৮ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে টাইগাররা, যেখানে ৪৮ দশমিক ১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান এখন ষষ্ঠ।























