তেলের বাজার মনিটরিং ও কৃষকের থাকবে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী
- আপডেট সময় ০৭:২৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / 2
বৈশ্বিক জ্বালানি সংকটের মাঝেও দেশের কৃষকদের চাষাবাদ সচল রাখতে নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, “কৃষকদের পাট, ধান ও ভুট্টা চাষাবাদের গুরুত্ব বিবেচনা করে সরকার নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহে নিরলস কাজ করছে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সব দেশে তেলের দাম বাড়লেও সরকার এখন পর্যন্ত দাম না বাড়িয়ে সাধারণ চাষিদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে।” তিনি আরও উল্লেখ করেন, গ্রীষ্মের এই সময়ে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করতে পারে, তাই স্থানীয় প্রশাসনকে জ্বালানি তেলের বাজার কঠোরভাবে মনিটরিং করার নির্দেশ দেন তিনি।
ফরিদপুরের ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রতিমন্ত্রী আগামীতে নদী ভাঙন রোধে আরও টেকসই ও শক্তিশালী প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “মানুষের সম্পদ রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের সকল কর্মকাণ্ডে দুর্নীতিতে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। কোনো প্রকল্পে অনিয়ম সহ্য করা হবে না।”
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ এবং জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শাজাহান সিরাজ, এসপি নজরুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী রাকিব হাসানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা যখন অস্থির, তখন প্রতিমন্ত্রীর এই আশ্বাস কৃষিপ্রধান অঞ্চল ফরিদপুরের কৃষকদের জন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে। বিশেষ করে সেচ মৌসুমে বিদ্যুৎ ও ডিজেলের প্রাপ্যতা নিশ্চিত করা বর্তমান পরিস্থিতিতে সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

























