মন্ত্রী পদমর্যাদায় মিঠুনকে উপদেষ্টা নিয়োগ
- আপডেট সময় ১২:১৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 22
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাকে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) পশ্চিমবঙ্গ সরকারের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের আইএএস সেল থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যপালের অনুমোদনক্রমে মিঠুন চক্রবর্তীকে তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষর করা বিজ্ঞপ্তির অনুলিপি ইতোমধ্যে মুখ্যমন্ত্রীর দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরসহ সংশ্লিষ্ট প্রশাসনিক দফতর ও কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এই নিয়োগের ফলে সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ মিঠুন চক্রবর্তী এখন রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বশীল পদেও যুক্ত হলেন। উপদেষ্টা হিসেবে তিনি তথ্য ও সংস্কৃতি দফতরের সঙ্গে কাজ করবেন।

























