সৌদির মিসাইল ফুরিয়ে গেছে, সাহায্য চেয়েছে অন্যান্য দেশের
- আপডেট সময় ০৭:৩৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 23
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে দীর্ঘসময় ধরে যুদ্ধে নিজেদের ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসায় অন্যান্য দেশের কাছে সাহায্য চেয়েছে সৌদি আরব।
বার্তাসংস্থা এপি এক প্রতিবেদনে রিয়াদের মিসাইলে টান পড়ার এই তথ্য জানায়। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সাম্প্রতিক দিনগুলোয় সৌদি আরবের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে। এসব মোকাবিলায় টালমাটাল অবস্থায় পড়েছে রিয়াদ। পরিস্থিতি সামাল দিতে আঞ্চলিক ও পশ্চিমা মিত্রদের দ্বারস্থ হয়েছে সৌদি আরব সরকার। তাদের কাছে অতিপ্রয়োজনীয় সহায়তা চাওয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত, এমন দুজন আঞ্চলিক কর্মকর্তা গতকাল বুধবার এ কথা জানান।
এই কর্মকর্তারা বলেন, সৌদি আরবের পক্ষ থেকে ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের সঙ্গে সহায়তার বিষয়ে আলোচনা করা হয়েছে। আরও স্পষ্ট করে বললে, ইরান সমর্থিত হুতি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন ঠেকাতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের অনুরোধ জানিয়েছে রিয়াদ।
বুধবার সৌদি আরব জানায়, হুতিরা পবিত্রনগরী মক্কায় ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। যা মক্কার আকাশসীমায় পৌঁছার আগেই ধ্বংস করা হয়েছে। তবে হুতিরা এ হামলার অভিযোগ অস্বীকার করে বলেছে সৌদি আরব ঘৃণ্য মিথ্যাচার করেছে। হুতিরা জানিয়েছে, সৌদি আরবে তাদের একমাত্র লক্ষ্য হলো তেল অবকাঠামো।
























