১ টাকা যদি দেশের বাইরে পাওয়া যায়, আমি রাজনীতি ছেড়ে দেব: আসিফ মাহমুদ
- আপডেট সময় ০৬:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 35
দেশের বাইরে গিয়ে জীবনযাপন করার চেয়ে নির্দ্বিধায় দেশেই ১০ বছর জেল খাটাকেই বেছে নেবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক ফেসবুক লাইভে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, “কেউ যদি আমাকে বলে, ১০ বছর জেল খাটবে, নাকি আরামে দেশের বাইরে গিয়ে জীবন কাটাবে; আমি নির্দ্বিধায় ১০ বছর জেল খাটাকেই বেছে নেব।”
ভিডিওতে আসিফ মাহমুদ বলেন, “দুদক যেটা বলেছে যে চার দেশে ১১ হাজারে কোটি টাকা পাচার করেছি। এক টাকা যদি দেশের বাইরে কোথাও পাওয়া যায়, আমি ওই দিনই রাজনীতি ছেড়ে দেব। আপনারা শুধু প্রমাণ করে দেখান যে আমার এক টাকা আছে দেশের বাইরে কোথাও, বিনিয়োগ করেছি বা একটা ধূলিকণা দেশের বাইরে কিনেছি।”
এনসিপি নেতা বলেন, “আমার আহ্বান থাকবে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং একটু ক্রিটিক্যাল মাইন্ড সেটে দেখবেন। কারণ সরকার এবং যাদের হাতে ক্ষমতা, তাদের আসলে আনকোশ্চেনভাবে বিশ্বাস করার সুযোগ নেই। দুঃখজনকভাবে আমাদের মিডিয়াকেও ক্রিটিক্যালি না দেখে এখন আর উপায় নেই।”
এর আগে মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ এনে তা অনুসন্ধানে নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের হিসাব, লকার সুবিধা, এফডিআরসহ দেশ-বিদেশে সংঘটিত সব ধরনের লেনদেন ও বিনিয়োগ-সংক্রান্ত বিস্তারিত নথিপত্র তলব করা হয়েছে। সেই সাথে চাওয়া হয়েছে আসিফ মাহমুদের স্ত্রী পান্নার নামে থাকা যাবতীয় ব্যাংক হিসাব, সম্পদ ও লেনদেনের তথ্য। এমন অবস্থায় আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।






















