যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ২ পাইলট
- আপডেট সময় ০৯:৫৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 18
গ্রিসে একটি এয়ার শোতে অংশ নিতে উড্ডয়নের মাত্র তিন মিনিটের মধ্যে এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।
শনিবার দেশটির রাজধানী এথেন্সের উত্তরে তানাগ্রা বিমানঘাঁটির কাছে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিমানটি বিমানঘাঁটি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনায় বিমানের দুই পাইলটই মারা গেছেন। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় আশপাশের বাসিন্দা কিংবা এয়ার শো দেখতে আসা দর্শনার্থীদের কেউ আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি।
গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে যুদ্ধবিমানটি মাটির খুব কাছ দিয়ে উড়ে ডানদিকে বাঁক নেওয়ার চেষ্টা করছিল। এরপরই সেটি মাটিতে আছড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুনের বিশাল গোলায় পরিণত হয়।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশের বনাঞ্চলেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ১১টি অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়।
এক প্রত্যক্ষদর্শী ইআরটিকে জানান, যুদ্ধবিমানটি উড্ডয়নের তিন মিনিটও পার করেনি। হঠাৎ দুর্ঘটনা ঘটায় সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যান।
দুর্ঘটনার পর বিমানঘাঁটির লাউডস্পিকারে ঘোষণা দিয়ে দর্শনার্থী ও স্থানীয় লোকজনকে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমানটি ‘এথেন্স ফ্লাইং উইক’ নামে আয়োজিত বার্ষিক এয়ার শোতে অংশ নিচ্ছিল। সামরিক ও বেসামরিক উড়োজাহাজের বিভিন্ন প্রদর্শনী নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের বিমানচালনা দল অংশ নেয়।
সূত্র: রয়টার্স























