আলজেরিয়ায় গভীর খাদে বাস, নিহত ২৭ আহত ৩৯
- আপডেট সময় ০৮:৩৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 24
উত্তর আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। শুক্রবার (৩১ জুলাই) সেতিফ থেকে রাজধানী আলজিয়ার্স যাওয়ার পথে এল কারমা এলাকায় বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সেদ্দিক আইত মেসাউদেন হতাহতের এ তথ্য জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে সিভিল প্রোটেকশন সংস্থার সদস্যরা। বাসটি আলজিয়ার্স থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এল কারমা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যম এননাহার টিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব বুমেরদেস বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন আহত ব্যক্তির খোঁজখবর নিয়েছেন।
ভয়াবহ এ দুর্ঘটনার পর দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন। রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্টের কার্যালয়ের প্রকাশিত এক বিবৃতিতে তেব্বুন দুর্ঘটনার জন্য দায়ীদের ‘সড়কের অপরাধী ও সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেন। তদন্ত শেষ হওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দিয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
তবে বাসটি কী কারণে সড়ক থেকে ছিটকে খাদে পড়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থা। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
দেশটির সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অতিরিক্ত গতি ও বিভিন্ন মানবিক ভুল আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৮৩৮ জন নিহত এবং ৩৭ হাজারের বেশি মানুষ আহত হন।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে আলজেরিয়ার অন্যতম প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা হিসেবে এবারের ঘটনাটিকে দেখা হচ্ছে। এর আগে ২০২৫ সালের আগস্টে আলজিয়ার্সের কাছে একটি বাস খাদে পড়ে ১৮ জন নিহত ও ২১ জন আহত হন। একই বছরের ডিসেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় বেচার অঞ্চলে একটি বাস উলটে ১৪ জন নিহত হন।




















