দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার
- আপডেট সময় ০২:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 22
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১৮ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ। একই সঙ্গে সহিংসতা, সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে ৭০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দিল্লি পুলিশের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (এনআইআইটি)–এর প্রশ্নপত্র ফাঁসের তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন করছে ফেইসবুকভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি।
সোমবার (২০ জুলাই) যন্তর মন্তর এলাকা থেকে সংসদ অভিমুখে ‘সংসদ চলো’ কর্মসূচি পালন করার ঘোষণা দেয় সংগঠনটি। কর্মসূচি শুরুর কিছু সময়ের মধ্যেই পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় পুলিশ লাঠিচার্জও করে।
এর কিছুক্ষণ পর আবারও যন্তর মন্তর এলাকায় জড়ো হয়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের দিকে ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ, ব্যারিকেড ভাঙার চেষ্টা, সরকারি যানবাহন ও সম্পদের ক্ষতি এবং সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে বলে দিল্লি পুলিশের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
পুলিশের দাবি, সংঘর্ষে আহতদের মধ্যে স্পেশাল কমিশনার অব পুলিশ, জয়েন্ট কমিশনার, অতিরিক্ত কমিশনার, ডেপুটি কমিশনার, অতিরিক্ত ডেপুটি কমিশনার, সহকারী কমিশনার এবং কয়েকজন নারী পুলিশ সদস্যও রয়েছেন।
একই বিবৃতিতে পুলিশ জানিয়েছে, লাঠিচার্জে সিজেপির সমর্থকদেরও হতাহতের ঘটনা ঘটেছে। তাদের তথ্য অনুযায়ী, সংঘর্ষে অন্তত ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন।
পুলিশ আরও জানায়, আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে অন্যরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।






















