প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী
- আপডেট সময় ১০:৩৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 135
পর্বতারোহণে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ ‘মাউন্ট মাকালু’র চূড়ায় পা রেখেছেন তিনি। নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার (২৭,৮৩৮ ফুট) উচ্চতার এই পর্বতটি জয়ের মাধ্যমে বাবর তাঁর ক্যারিয়ারের পঞ্চম আটহাজারি (৮,০০০ মিটারের বেশি উচ্চতার) পর্বত জয়ের কৃতিত্ব অর্জন করলেন।
আজ শনিবার (২ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে আং কামি শেরপাকে সঙ্গে নিয়ে মাকালুর চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান তিনি। ‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক এই অভিযানের আয়োজন করে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’।
‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ বা ‘মহা-কালো’ খ্যাত এই চূড়া আরোহণের উদ্দেশ্যে বাবর গত ৭ এপ্রিল দেশ ছাড়েন। আনুষঙ্গিক প্রস্তুতি শেষে ১৮ এপ্রিল পর্বতের উচ্চতর বেসক্যাম্পে পৌঁছান। এরপর উচ্চতার সঙ্গে শরীরকে মানিয়ে নেওয়ার (অ্যাক্লিমাটাইজেশন) ধাপগুলো সম্পন্ন করে ৩০ এপ্রিল ক্যাম্প-২ এবং পরদিন ৭,৪০০ মিটার উচ্চতার ক্যাম্প-৩ এ পৌঁছান। এরপর মাঝরাতে শিখরের উদ্দেশ্যে চূড়ান্ত যাত্রা শুরু করেন তিনি। একটানা ১,১০০ মিটারের বেশি দুর্গম চড়াই অতিক্রম করে তিনি ভোরে মাকালু জয় করেন।
অভিযানের ব্যবস্থাপক ও ‘ভার্টিক্যাল ড্রিমার্স’-এর সভাপতি ফরহান জামান জানিয়েছেন, বাবর আজ ক্যাম্প-২ এ এবং আগামীকাল রোববার (৩ মে) বেসক্যাম্পে নেমে আসবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এই অভিযানে বাবরের পৃষ্ঠপোষকতা করেছে ভিজ্যুয়াল নেটওয়ার্কস লিমিটেড, সামুদা স্পেক-কেম লিমিটেড, মাই হেলথ, চন্দ্রবিন্দু প্রকাশন এবং রহমান্স গ্রোসারিজ।
২০১৪ সালে পর্বতারোহণের জগতে পথচলা শুরু করা বাবর আলীর এর আগেও বেশ কিছু অনন্য রেকর্ড রয়েছে:
২০২২ সাল: প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমা দাবলাম (২২,৩৪৯ ফুট) আরোহণ।
২০২৪ সাল: বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (২৯,০৩৫ ফুট) এবং চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট লোৎসে (২৭,৯৪০ ফুট) আরোহণ করেন। একই অভিযানে দুটি আট হাজার মিটার পর্বত আরোহণের কৃতিত্ব বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম।
২০২৫ সালের এপ্রিল: প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ (২৬,৫৪৫ ফুট) জয়।
২০২৫ সালের সেপ্টেম্বর: কৃত্রিম অক্সিজেনের সাহায্য ছাড়াই বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত মাউন্ট মানাসলু (২৬,৭৮১ ফুট) আরোহণ, যা কোনো বাংলাদেশির জন্য প্রথম।
মাউন্ট মাকালু জয়ের মাধ্যমে চৌদ্দটি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বতশিখর স্পর্শের স্বপ্নের পথে বাবর আলী আরও একধাপ এগিয়ে গেলেন।
























