আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ২ প্রবাসী নিহত
- আপডেট সময় ০৪:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 20
সংযুক্ত আরব আমিরাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই বাংলাদেশি প্রবাসী। বৃহস্পতিবার ও শুক্রবারের এসব দুর্ঘটনায় প্রাণ হারান চট্টগ্রামের সাইফুদ্দিন সিকদার মহসিন (৪৯) এবং মৌলভীবাজারের বায়েজিদ রায়হান (২৭)।
নিহত বায়েজিদ রায়হানের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। শুক্রবার সকালে ফুজাইরাহ-খোরফাক্কান সড়কের আল ফৌজ এলাকায় পণ্য সরবরাহের কাজে নিয়োজিত ছিলেন তিনি। এ সময় তার চালানো ডেলিভারি মোটরসাইকেলটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাঁচ বছর আগে জীবিকার সন্ধানে আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন বায়েজিদ।
অন্যদিকে, বৃহস্পতিবার দুপুরে শারজার আল খোয়াজামিয়া শিল্প এলাকায় দুর্ঘটনার শিকার হন চট্টগ্রামের বোয়ালখালীর বাসিন্দা মহসিন। কর্মস্থলে যাওয়ার পথে পিকআপ ভ্যানে থাকা অবস্থায় পেছন থেকে একটি লরি ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে আল কাসিমি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মহসিনের বড় ভাই রেজাউল করিম সিকদার জানান, দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। দুই বছর আগে তিনি আরব আমিরাতে গিয়েছিলেন। তার বাড়ি বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নে।
এদিকে, দুই প্রবাসীর আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন আরব আমিরাতের বাংলাদেশি প্রবাসী কমিউনিটির সদস্যরাও।
বর্তমানে নিহত দুজনের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পুলিশি কার্যক্রম ও দূতাবাসের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে মরদেহ দেশে পাঠানো হবে।























