বাঁধন কেমন আছেন: জানালেন সহকারী প্রেস সচিব
- আপডেট সময় ১২:৩২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 21
ইতালির ভেনিসে হামলার অভিযোগ ওঠার পর অভিনেত্রী আজমেরী হক বাঁধন নিরাপদে আছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। তিনি জানান, বাঁধনের সঙ্গে কথা বলার পাশাপাশি মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে এবং তাদের সঙ্গে বাঁধনের যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান কে এম নাজমুল হক।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, আজমেরী হক বাঁধনের সঙ্গে তার কথা হয়েছে। তিনি নিরাপদে আছেন।
বাঁধনের সঙ্গে বাংলাদেশ কনস্যুলেটের যোগাযোগের বিষয়টি জানিয়ে তিনি বলেন, মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গেও কথা হয়েছে এবং কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গে বাঁধনের যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে।
ভেনিসে ঘটে যাওয়া এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব। তিনি বলেন, ভেনিসে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা হামলাকারীদের শনাক্ত ও খুঁজে বের করতে ইতালিয়ান পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় পরবর্তী দিন এ ঘটনায় মামলা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় হামলার অভিযোগ করেন বাঁধন। তিনি জানান, তাকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করা হয়েছে। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও ক্লিপও প্রকাশ করেন তিনি। ভিডিওগুলোতে কয়েকজন ব্যক্তিকে তার ওপর হামলা চালাতে দেখা যায় বলে জানান বাঁধন।
বাঁধনের দাবি, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেন। এ সময় তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয়। ঘটনার সময় তার ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল বলে জানান তিনি।
বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। এ সময় তাকে গালাগাল করা হয় বলেও দাবি করেন তিনি। তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলা চালানো হয়েছিল বলেও অভিযোগ করেন বাঁধন।
ভিডিওবার্তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, ভেনিস উৎসবে তিনি যে সিনেমাটি নিয়ে গেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হাসানের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। জুলাই আন্দোলনের পরও তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করছেন উল্লেখ করে বাঁধন এ ধরনের আচরণ থেকে বের হয়ে আসার আহ্বান জানান।
বাঁধন আরও বলেন, তার গায়ে হাত তোলা হয়েছে এবং তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। একজন আজমেরী হক বাঁধনকে দমানো সহজ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ভেনিসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে একজন অভিনেত্রীকে হেনস্তার ঘটনা সারা বিশ্বের মানুষ দেখেছে।
এ সময় বিষয়টি সজীব ওয়াজেদ জয়ের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধও জানান বাঁধন। তিনি বলেন, সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে অবস্থান করছেন এবং তার কাছে বিষয়টি জানানো হবে বলে আশা করেন।























