মুকসুদপুর থানায় আগুন, পুড়ল ১০ যানবাহন
- আপডেট সময় ০২:৫১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 21
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুলিশের সরকারি গাড়িসহ বিভিন্ন মামলায় জব্দ করা মোট ১০টি যানবাহন পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।
স্থানীয় একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকে থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে থানায় হামলা চালান।
এ সময় তারা থানা ভবনে ব্যাপক ভাঙচুর করেন। পরে ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি থানায় রাখা পুলিশের সরকারি গাড়ি এবং বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহনেও অগ্নিসংযোগ করা হয়। এতে মোট ১০টি যানবাহন পুড়ে যায়।
আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।

























