প্রথম ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা
- আপডেট সময় ০৬:০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 21
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ নভেম্বর) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণ-সংক্রান্ত প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
তিনি জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে ইসি। এর মধ্যে দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।
কোন ইউনিয়নে কোন তারিখে ভোট হবে, তা আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানান নির্বাচন কমিশনার।
ইসি সানাউল্লাহ বলেন, প্রথম ধাপের ভোটের ৫০ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে ১০ ডিসেম্বরের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে কমিশন। এ আলোচনা তিন দিন ধরে চলবে।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি জানানো হয়নি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।





















