আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার
- আপডেট সময় ০২:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 37
নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় থানার পরিদর্শক (তদন্ত) হজরত আলী মিলন দায়িত্ব পালন করছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর পাশাপাশি বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত দাওয়াতে ওসির অংশ নেওয়ার অভিযোগও ওঠে।
পরে শনিবার সন্ধ্যায় ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়। তবে ঠিক কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, তা জানেন না বলে জানিয়েছেন থানার দায়িত্বে থাকা পরিদর্শক হজরত আলী মিলন।
এদিকে বটতলায় মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, একজনের বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই ওসিকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে এখনো তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি।























