এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে তরুণের মৃত্যু, বন্ধুদের ফেলে পালানোর অভিযোগ
- আপডেট সময় ১২:৩৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / 49
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাইক রেসিংয়ের সময় সড়ক দুর্ঘটনায় সাকিবুল হাসান (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর তাকে ঘটনাস্থলে ফেলে রেখে অন্য বাইকাররা চলে গেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এক্সপ্রেসওয়ের শিবচর হাইওয়ে থানা-সংলগ্ন বাচামারা এলাকার ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিবুল হাসান মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া মৌহালী এলাকার তরিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে সাকিবুল বন্ধুদের সঙ্গে ১১টি মোটরসাইকেলে মানিকগঞ্জ থেকে ফরিদপুর হয়ে ভাঙ্গা চৌরাস্তা এলাকায় আসেন। পরে ফরিদপুর থেকে আরও নয়জন বাইকার তাদের সঙ্গে যোগ দেন। ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত মোটরসাইকেল রেস করার পরিকল্পনা ছিল তাদের।
শিবচরের আড়িয়াল খাঁ সেতু পার হয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় সাকিবুলের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
সাকিবুলের বান্ধবী আরোহী আক্তার বলেন, তারা মানিকগঞ্জ থেকে দৌলতদিয়া ফেরিঘাট হয়ে ফরিদপুরে যান। সেখান থেকে আরও নয়জন তাদের সঙ্গে যুক্ত হন। ভাঙ্গায় পৌঁছানোর পর তাকে ও আরেক বান্ধবীকে রেখে অন্যরা বাইক রেসিংয়ে যায়।
পরে সাকিবুল দুর্ঘটনার শিকার হয়েছেন জানতে পেরে তিনি ঘটনাস্থলে যান। সেখানে সাকিবুলকে মৃত অবস্থায় দেখতে পান বলে জানান আরোহী।
তার দাবি, রেসিংয়ে অংশ নেওয়া অন্যরা দুর্ঘটনার পর সাকিবুলের কাছে না গিয়ে ঘটনাস্থল থেকে চলে যান।
আরোহী আরও বলেন, সাকিবুল ও তার বন্ধুরা প্রায়ই বাইক রেস করতেন। ফেসবুকের মাধ্যমে অন্য বাইকারদের সঙ্গে তাদের পরিচয় হয়েছিল বলেও জানান তিনি।
খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাকিবুলের মরদেহ উদ্ধার করে।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেননি।
























