সাভারে তিন পোশাক কারখানায় ছাঁটাই, কর্মহীন প্রায় ১৯’শ শ্রমিক
- আপডেট সময় ০৬:৫২:২১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / 23
ঢাকার সাভারে আল-মুসলিম গ্রুপের তিনটি তৈরি পোশাক কারখানায় একযোগে শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় কর্মহীন হয়ে পড়েছেন ১ হাজার ৮৬৮ জন শ্রমিক। ব্যবসায়িক কার্যক্রমে মন্দা এবং রপ্তানি আদেশ কমে যাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
শনিবার সকালে উলাইল, রেডিও কলোনি ও আশুলিয়া এলাকায় অবস্থিত কারখানাগুলোতে গিয়ে দেখা যায়, অনেক শ্রমিক কারখানার প্রবেশপথে টানানো তালিকায় নিজেদের নাম খুঁজছেন। ছাঁটাইয়ের খবর পেয়ে অনেকে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, উলাইলের একেএম নিটওয়্যার লিমিটেড থেকে ১ হাজার ২৮৬ জন, প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার থেকে ৫২৯ জন এবং আল-মুসলিম অ্যাপারেলস থেকে ৫৩ জন শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আল-মুসলিম গ্রুপের প্রশাসন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা মো. আবু রায়হান বলেন, আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশ কমে যাওয়ায় উৎপাদন কার্যক্রম সংকুচিত করতে হয়েছে। শ্রম আইন অনুসরণ করেই শ্রমিকদের অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের প্রাপ্য অর্থ পরিশোধ করা হয়েছে। ভবিষ্যতে কাজের পরিমাণ বাড়লে প্রয়োজন অনুযায়ী দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকদের পুনরায় নিয়োগের বিষয়টি বিবেচনা করা হবে।
তবে শ্রমিকদের অভিযোগ, তাদের অনেককেই যথাযথ পূর্বনোটিশ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরে এসে চাকরি হারানোর বিষয়টি জানতে পেরে অনেকে বিস্মিত হয়েছেন।
এক শ্রমিক জানান, নিয়মিত অতিরিক্ত সময় কাজ করার পরও হঠাৎ করে কাজের সংকটের কথা বলে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। আরেক নারী শ্রমিকের দাবি, মোবাইলে বার্তা পাঠানোর কথা বলা হলেও তিনি কোনো ধরনের নোটিশ পাননি।
শ্রমিক সংগঠনের নেতারা বলছেন, শ্রম আইন ছাঁটাইয়ের সুযোগ দিলেও পুনর্নিয়োগের বিষয়ে শ্রমিকদের স্বার্থ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এত বিপুলসংখ্যক শ্রমিকের কর্মহীন হয়ে পড়া তাদের পরিবারগুলোর জন্য বড় ধরনের সংকট তৈরি করতে পারে।
শ্রম অধিকারকর্মীদের মতে, পোশাক খাতে উৎপাদন ও রপ্তানি পরিস্থিতির অবনতির প্রভাব সরাসরি শ্রমিকদের ওপর পড়ছে। তাই ছাঁটাইয়ের পাশাপাশি বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের বিষয়েও উদ্যোগ নেওয়া প্রয়োজন।



















