নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ৮ জনের কারাদণ্ড
- আপডেট সময় ০৬:৩০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / 89
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে আট ব্যক্তিকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিবাগত শেষ রাতে উপজেলার মুসলেমহাটি চক এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে এই দণ্ডাদেশ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ রহমান।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— মো. শাওন হোসেন (৩৩), জাহাঙ্গীর আলম (৩০), মো. রায়হান (২৮), এনামুল (৪২), সুজন মোল্লা (৩২), মো. আজগর আলী (২৬), মো. সাইফুল ইসলাম (৩৬) এবং মো. রিফাত (২০)। তারা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আসিফ রহমান সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় রাত ১টা থেকে ৩টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কৃষি জমির মাটি কাটার অভিযোগে ওই আটজনকে হাতেনাতে আটক করা হয়। অবৈধভাবে মাটি কাটার মাধ্যমে কৃষিজমির ক্ষতিসাধন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি জমির উর্বরতা রক্ষা এবং অবৈধ মাটি ব্যবসায়ীদের দমনে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট এলাকায় পরিবেশ ও ফসলি জমি রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় প্রশাসন।






















