বরিশালে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় ০৭:৩৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 20
বরিশালের বানারীপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের কাজ করার সময় অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহত দুই শ্রমিক হলেন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিয়াজ হোসেনের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে জামাল হোসেন ও সোহাগ সেন্টারিংয়ের কাজ করছিলেন। এ সময় অক্সিজেনের অভাবে তাঁরা অসুস্থ হয়ে পড়েন।
খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই শ্রমিককে উদ্ধার করেন। পরে তাঁদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জামাল হোসেন ও মো. সোহাগকে মৃত ঘোষণা করেন।






















