সুন্দরবনে রিসোর্টে ডাকাতির চেষ্টা, আটক ২
- আপডেট সময় ০৭:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 93
সুন্দরবনে পর্যটকদের লক্ষ্য করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) ভোর ৪টার দিকে খুলনার দাকোপ থানার ঢাংমারী খাল-সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে অবস্থানরত পর্যটকদের লক্ষ্য করে একটি দুষ্কৃতিকারী চক্র হামলা ও লুটপাটের চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়েছে। পরে কোস্টগার্ডের অভিযানে রাজন সরদার ও রতন সরদার নামে দুজনকে আটক করা হয়।
মঙ্গলবার (৫ মে) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, দুষ্কৃতিকারীরা রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায় এবং পরে কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে একই দিন বিকেল ৫টার দিকে কোস্টগার্ড বেইস মোংলা ঢাংমারী খাল-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আটক রাজন সরদার ও রতন সরদার উভয়ই দাকোপ থানার বাসিন্দা।
কোস্টগার্ড জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাদের দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড সবসময় তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






















