স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩২৬৬ টাকা
- আপডেট সময় ০৯:১৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 28
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করেছে। সোমবার (২ নভেম্বর) নতুন মূল্য তালিকা ঘোষণা করে সংগঠনটি। নতুন দাম ভ্যাটসহ কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায়।
স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা।
বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।
স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে নকশা অনুযায়ী মজুরি নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বাজুস। সংগঠনটির নির্দেশনা অনুযায়ী, স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।





















