পাওনা টাকা চাওয়ায় কৃষক দল নেতাকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ
- আপডেট সময় ০২:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / 46
চট্টগ্রামের হাটহাজারীতে পাওনা টাকা চাওয়ার জেরে এক কৃষক দল নেতাকে ট্রাকচাপায় পিষে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এই ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ফয়সাল (৩৪) ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মৃত আবদুল মালেকের ছেলে। তিনি হাটহাজারী উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় আজ রোববার সকালে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবেশী ট্রাকচালক মোহাম্মদ জুয়েলের কাছে ফয়সাল ৩৫ হাজার টাকা পাওনা ছিলেন। এই টাকা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। এজাহারে উল্লেখ করা হয়েছে, গতকাল রাতে ফয়সাল পাওনা টাকার বিষয়ে কথা বলতে চাইলে জুয়েল তাকে সরকারহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে আসতে বলেন। ফয়সাল সেখানে পৌঁছালে জুয়েল তাকে ট্রাক দিয়ে চাপা দেন।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ফয়সালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের দাবি, ফয়সালের কাছ থেকে প্রায় এক বছর আগে জুয়েল এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ৬৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা চাওয়ায় জুয়েল পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
এ ঘটনায় আজ সকালে নিহতের মা পারভিন আক্তার বাদী হয়ে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ট্রাকচালক জুয়েলকে একমাত্র আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জুয়েল পলাতক রয়েছেন, যার ফলে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। নিহত ফয়সালের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে এবং অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

























