জিন্নাহর সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিনের শ্রদ্ধা
- আপডেট সময় ০৫:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 18
পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছয় দিনের সরকারি সফরে পাকিস্তানে থাকা স্পিকারের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল শনিবার (২৮ নভেম্বর) করাচিতে জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করে।
শনিবার ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) সিন্ধু প্রাদেশিক পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি এবং সংসদীয় বাংলাদেশ-পাকিস্তান মৈত্রী গ্রুপের সভাপতি নাসের রহমান। এ ছাড়া বাংলাদেশ দূতাবাসের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাতও প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন।
ইসলামাবাদ ও লাহোরে সরকারি কর্মসূচি শেষ করে প্রতিনিধিদলের সদস্যরা করাচিতে পৌঁছান। সেখানে বিমানবন্দরে সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকারের পক্ষে তাদের অভ্যর্থনা জানান প্রাদেশিক মন্ত্রী রিয়াজ হুসেন শাহ শিরাজি, সংসদ সদস্য জাম শাব্বির আলী খান ও মুহাম্মদ ইউসুফ বালুচ।
এ সময় সিন্ধু প্রাদেশিক পরিষদের সচিব জি এম উমর ফারুক, বিশেষ সচিব সৈয়দ হাসান আলী শাহ এবং মহাপরিচালক ইরফান আহমেদ উপস্থিত ছিলেন।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে এ সরকারি সফরে গেছেন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা।
সফরকালে সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শনের পাশাপাশি প্রাদেশিক রাজনৈতিক নেতৃত্ব ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাদের।
এসব বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।























