হাসিনার সুস্থতার প্রমাণে প্রচার করা অডিওটি পুরোনো, মুছে দিল আ.লীগ
- আপডেট সময় ০৩:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 40
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও গুঞ্জনের মধ্যে তার সুস্থতার প্রমাণ হিসেবে একটি অডিও প্রচার করেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের অনুসন্ধানে অডিওটি অন্তত এক বছর আগের বলে প্রমাণিত হওয়ার পর দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সেটি সরিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আওয়ামী লীগের ‘Bangladesh Awami League’ নামের অফিসিয়াল ফেসবুক পেজে অডিওটি প্রকাশ করা হয়। এতে শেখ হাসিনা সুস্থ আছেন বলে দাবি করা হয়।
তবে দ্য ডিসেন্টের ফ্যাক্টচেকিংয়ে অডিওটি পুরোনো বলে উঠে আসে। প্রতিষ্ঠানটির অনুসন্ধানে দেখা যায়, শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে প্রচার করা অডিওটি অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।
এরপর আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে অডিওটি মুছে ফেলা হয়। শনিবার দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে গিয়ে সেটি আর খুঁজে পাওয়া যায়নি।
দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে অবস্থানরত শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়ে।
তবে শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানটি। তাদের অনুসন্ধানে শুধু এটিই উঠে এসেছে যে, তার সুস্থতার প্রমাণ হিসেবে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে প্রচার করা অডিওটি নতুন নয়, বরং অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে রয়েছে।























